ছোটবেলার এই ছবিটি দেশীয় চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ’র। চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে ‘সালমান শাহ’ নামেই পরিচিত ছিলেন। তবে আসল নাম শাহরিয়ার চৌধুরী, ডাকনাম ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর ঘরে জন্ম হয় তার।
টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হলেও ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে চলচ্চিত্রে আবির্ভাব। মাত্র চার বছরের ক্যারিয়ার ছিল নায়কের। করেছিলেন ২৭টি ছবি।

দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ছবি। তার সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’ , ‘জীবন সংসার’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘এই ঘর এই সংসার’ ইত্যাদি। এই অল্প সময়েই খ্যাতির চূড়ায় ছিলেন প্রয়াত এই নায়ক। তার নিজস্ব স্টাইলে হয়ে উঠেছিলেন স্বপ্নের নায়ক।

কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে চলে যান চলচ্চিত্রের এই বরপুত্র। তার মৃত্যুর ২১ বছর হয়ে গেছে। পূরণ হয়নি এই নায়কের শূন্যস্থান। তবে আজও মানুষের মনে অমর হয়ে আছেন সালমান শাহ।








