দেখতে দেখতে সেই মাহেন্দ্রক্ষণও এসে গেল। দলবদলের রেকর্ড গড়ার পর ফ্রান্সের মাটি পেল নেইমারের স্পর্শ। অবশ্য ২২২ মিলিয়ন ইউরোতে বৃহস্পতিবারই পিএসজির হয়ে গেছেন এই ব্রাজিল তারকা। শুক্রবার ফ্রেঞ্চ জায়ান্টদের ১০ নম্বর জার্সিতে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হল তাকে।
২২২ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১০৬ কোটি টাকা। ফরাসি জায়ান্টরা এই পরিমাণ অর্থেই ব্রাজিল তারকাকে দলে টেনেছে ৫ বছরের চুক্তিতে।
বিমান থেকে নেমে প্যারিসের মাটিতে পা ছুঁয়েই আনুষ্ঠানিক পিএসজির খেলোয়াড় হয়ে গেলেন নেইমার।

সাবেক ব্রাজিলিয়ান অধিনায়ককে রানওয়েতেই বরণ করে নিলেন ব্রাজিলের আরেক সাবেক খেলোয়াড় ম্যাক্সওয়েল।

ব্রাজিলিয়ান তারকার হাতে পিএসজির ‘জার্সি নম্বর ১০’ তুলে দিলেন ক্লাবটির মালিক নাসের আল খেলাফি।

রেকর্ড দলবদল নিয়ে সংবাদমাধ্যমের সামনে খুব একটা মুখ খোলেননি নেইমার। পিএসজিতে এসেই যেন খুলে দিলেন মনের দুয়ার। জানিয়ে দিলেন নিতে চান ‘নতুন চ্যালেঞ্জ’।

বার্সেলোনা নিয়ে কথা উঠতেই যেন একটু আবেগী হয়ে পড়লেন। সদ্য সাবেক ক্লাবের সমর্থকরা মেনে নিতে পারেনি এই বিদায়। কেউ কেউ দেখিয়েছেন উগ্র মেজাজও! তারপরও বার্সার ব্যাপারে ‘শ্রদ্ধাই’ ঝরল নেইমারের কণ্ঠ থেকে।

এত দামে নেইমারকে কিনে এনে ভুল করেনি তো পিএসজি? সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ক্লাবটির মালিক খেলাফি জানিয়ে দিলেন নেইমারের তুলনায় এমন দাম ‘নিতান্তই কম’।

পার্ক ডি প্রিন্সেসে আগেও এসেছেন। কিন্তু পিএসজির খেলোয়াড় হয়ে প্রথমবারের মত পা পড়লো দলটির স্টেডিয়ামে।

বল নিয়ে কিছুক্ষণ কারিকুরি করলেন। যেন বুঝিয়ে দিতে চাইলেন কেন এত দামি তিনি!

পায়ের পাশাপাশি মাথার কাজেও যে সমান দক্ষ, সেটাও দেখিয়ে দিলেন নেইমার।

নেইমারকে দেখার জন্য যেন তর সইছিল না প্যারিসবাসীর। মাঠের বাইরে ভক্তদের বিশাল লাইন সে কথাই বলছে।

এত অর্থ ব্যয় করে নেইমারকে এনে খরচ কীভাবে তুলবে পিএসজি? এই সমর্থক যেন দেখিয়ে দিলেন সেই রাস্তাটাও। নেইমারের জার্সি আছে না!

পিএসজির মাঠে পা পরতেই একজন খুদে ভক্ত পেয়ে গেছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড। দুজনে জমলও বেশ!

ছবি তুলতে আজ নেইকো মানা! ভক্তদের মধ্যমণি নেইমার।








