গুজরাটের ছোঁড়া লক্ষ্যটা ছিল ২০৯ রানের। কিন্তু বিশাল এই লক্ষ্যকে মামুলি বানিয়ে ম্যাচটা সহজেই জিতে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। মোট ২০টি ছক্কা হাঁকিয়ে ১৫ বল বাকি থাকতেই গুজরাট লায়ন্সের বিপক্ষে ৭ উইকেটের দারুণ এক জয় এনে দিয়েছেন দিল্লির ব্যাটসম্যানরা।
বৃহস্পতিবার গুজরাট বোলারদের নিদারুণভাবে পিটিয়েছেন দিল্লির দুই ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন এবং ঋষভ পান্ত। প্রায় প্রতি ওভারেই একাধিক ছক্কা হাঁকিয়ে গড়েছেন ১৪৩ রানের ম্যাচ জয়ী এক জুটি। ৩১ বলে ৭ ছক্কায় স্যামসন থেমেছেন ৬১ রান করে। আর মাত্র ৩ রানের জন্য শতক হারানোর ব্যথায় পুড়তে হয়েছে পান্তকে। ৯ ছয় এবং ৬ চারে ৪৩ বলে ২২৬ স্ট্রাইকরেটে ৯৭ রান করে সাজঘরে ফিরেছেন পান্ত।
অথচ দিল্লির ফিরোজ শাহ কোটলায় আগে ব্যাট করে দুইশ পেরোনো বিশাল সংগ্রহই গড়ে লায়ন্সরা। ৪৩ বলে ৪ ছয় ও ৫ চারে সর্বোচ্চ ৭৭ রান এসেছে অধিনায়ক সুরেশ রায়নার ব্যাটে। ৬৫ রান করেছেন দীনেশ কার্তিক।
দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আছে দিল্লি। ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট করুন নায়ারের দলের। অন্যদিকে ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্টে টেবিলের সাতে গুজরাট। ম্যাচ জয়ী পারফরমেন্সে ম্যাচ সেরা হয়েছেন ঋষভ পান্ত।







