উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে অলিম্পিকোয়াসের বিপক্ষে অলিভিয়ে জিরুদের হ্যাটট্রিকে ৩-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। অপরদিকে রবার্ট লেভনডোফস্কির জোড়া গোলে দিনোমো জাগরেবকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট পর্বে উঠতে আর্সেনালের সামনে জয়ের বিকল্প ছিল না। অলিম্পিয়াকোসের বিপক্ষে শুধু জিতলেই আবার হতো না, সমীকরণটাও ঠিক মিলতে হতো।
অলিভিয়ে জিরুদের দারুণ এক হ্যাটট্রিকে শেষ ষোলোতে পা রেখেছে ইংল্যান্ডের দলটি। আর্সেনালের মাঠে প্রথম লেগে ৩-২ গোলে জিতেছিল অলিম্পিয়াকোস। তাই ফিরতি লেগের এই ম্যাচে জয়ের গোল ব্যবধানটাও জড়িয়ে ছিলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের।
ম্যাচের ২৯ মিনিটে র্যামজির ক্রস থেকে হেডে গোল করেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ। এক গোলে এগিয়ে আক্রমণাত্মক খেলতে থাকে আর্সেনাল।তবে দ্বিতীয় গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় আর্সেনাল। ৪৯ মিনিটে আবারো দলকে এগিয়ে দেয় জিরুদ। জো কাম্পবেলের ডিফেন্সচেরা পাসে দারুণ শটে লক্ষভেদ করেন জিরুদ।
ম্যাচের ৬৭ মিনিটে সব গোল ব্যবধানের বাধা পেরিয়ে নিজের হ্যাটট্রিক সহ দলকে শেষ ষোলোতে জায়গা করিয়ে দেন জিরুদ।
‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে দিনোমো জাগরেবকে ২-০ গোলে হারায় আগেই নকআউট পর্বে ওঠা বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভনডোফস্কির জোড়ো গোলে এ জয় পায় পেপ গাদিওয়ালার শিষ্যরা।
ম্যাচের ৬১ মিনিটে মুলারের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন লেভনডোফস্কি।
এর মিনিট তিনেক পরেই দারুণ এক চিপ করে গোলরক্ষককে বোকা বানিয়ে দ্বিতীয় গোলটি আদায় করে নেয় লেভনডোফস্কি।
গ্রুপে শীর্ষে থেকে নক আউট রাউন্ডে যাওয়া বায়ার্নের পয়েন্ট ১৫। দ্বিতীয় হওয়া আর্সেনালের পয়েন্ট ৯।






