চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলবে কি না এমন প্রশ্নে যখন বিভক্ত দেশটির ক্রিকেট বোর্ড, তখন নিজেদের অবস্থান পরিষ্কার করলেন ভারতীয় সাবেকরা। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়দের মত কিংবদন্তিরা চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন অবশ্যই অংশ নেয় ভারত।
বিশ্বকাপের পর আইসিসির সর্ববৃহৎ টুর্নামেন্টটিতে ভারতের অংশগ্রহণ করা উচিত হবে কি না ক্রিকইনফো এমন প্রশ্ন ছুঁড়েছিল দেশটির ১২ জন সাবেক ক্রিকেটারের কাছে। শচীন-দ্রাবিড় ছাড়াও গুন্ডাপ্পা বিশ্বনাথ, জহির খান, সঞ্জয় মাঞ্জেরেকারদের মতো সাবেকরা ছিলেন সেই তালিকায়। সবাই একবাক্যে বলে দিয়েছেন ২০১৩ শিরোপাজয়ীদের খেলতে যাওয়া উচিত।
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কি না তা জানার জন্য ৭ মে বিসিসিআইয়ের বিশেষ সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করতে দেরি হওয়ায় বিসিসিআই’র প্রতি বৃহস্পতিবার বিরক্তি প্রকাশ করেছে ভারতের সর্বোচ্চ আদালত থেকে নিযুক্ত তিন সদস্যের প্রশাসক প্যানেল (সিওএ)। সঙ্গে নির্দেশ দেয়া হয়েছে, তাড়াতাড়ি যেন স্কোয়াড ঘোষণা করা হয়।








