চ্যানেল আইয়ের ছাদ ঘরে অনুষ্ঠিত হয়ে গেলো বাপ্পা মজুমদারের সুর-সঙ্গীতে শিল্পী সাহিনা’র একক অডিও অ্যালবাম ‘রোদ রেলিং’র মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষীনি, জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, ইন্দ্রমোহন রাজবংশী, বাপ্পা মজুমদার এবং চিত্রনায়ক ফেরদৌস।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সকলে শিল্পী সাহিনার সাফল্য কামনা করেন।
নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা তার শুভেচ্ছা বক্তব্যে সাহিনার মতো তরুণ শিল্পীদের সুযোগ করে দেওয়ার জন্য ইমপ্রেস অডিও ভিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বরাবরই ইমপ্রেস অডিও ভিশন তরুণ শিল্পীদের প্লাটফর্ম করে দিয়ে আসছে। সাহিনার জন্য এটি বিরাট পাওয়া। কারণ শুরুর দিকেই সে এমন একটি প্লাটফর্ম পেয়েছে। এসময় তিনি সাহিনার গানের প্রসংশা করেন।
মোড়ক উন্মোচনের আগ মুহূর্তে ‘রোদ রেলিং’ অ্যালবাম থেকে ‘এলোমেলো ব্যস্ত টারমিনাস’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। মিউজিক ভিডিওটি উপস্থিত সকলের প্রসংশা কুড়ায়।
এটি শিল্পী সাহিনার তৃতীয় গানের অ্যালবাম। এ প্রসঙ্গে সাহিনা বলেন, নানা অস্থিরতার মাঝেও পুরো অ্যালবামটির কাজ শেষ করতে পেরেছি। খুব যত্ন নিয়ে গানগুলো করার চেষ্টা করেছি।
বাপ্পা মজুমদার শিল্পীর প্রসংশা করে বলেন, তার সুন্দর সাবলীল গায়কী আমার করা সুরগুলোকে তৈরি করেছে নতুন এক মাত্রা।










