ফুটবল

চোট সারলে পিএসজি ছাড়বেন নেইমার?

চোট সারলে পিএসজি ছাড়বেন নেইমার?

চোটের কারণে পিএসজিতে নেইমারের প্রথম মৌসুম যে শেষ এটা প্রায় নিশ্চিত। শুধু এ মৌসুমই নয়; ফরাসি সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান জানাচ্ছে, প্রথম মৌসুমই হতে চলেছে প্যারিসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শেষ মৌসুম। চোট থেকে সেরে উঠলেই নেইমার পিএসজি ত্যাগ করতে পারেন বলে খবর সংবাদ মাধ্যমটির।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ পিএসজির। চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা নেইমার এখন আছেন ব্রাজিলে। সেখানেই বসে দেখেছেন দ্বিতীয় লেগে কীভাবে রোনালদো-বেলদের কাছে হেরেছে তার দল।

সেই ম্যাচের পরই নেইমার নাকি বাবাকে জানিয়ে দিয়েছেন পিএসজির জার্সি আর গায়ে চাপাতে চান না তিনি। সিনিয়র নেইমার আবার একইসাথে ছেলের এজেন্টও। পুত্রের ইচ্ছাতেই রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন পিতা, লা প্যারিসিয়ান জানাচ্ছে এমনটাই।

খবরের সত্যতা নিশ্চিত করতে সংবাদ মাধ্যমটি ফাঁস করেছে পিএসজির অন্দরমহলের এক জরুরি সভার খবরও। সেই সভায় নেইমারের ভবিষ্যৎ পিএসজিতে দেখছেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর আর্তেরো হেনরিখ। চোট সারলে নেইমার প্যারিসে ফিরবেন কিনা এমন প্রশ্নের মুখে শুধু হতাশাই ঝরেছে তার কণ্ঠ ছুঁয়ে।

চলতি মৌসুমের বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে পিএসজিতে আসেন নেইমার। ২৫ মার্চ মার্শেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে চোটে পড়েন ব্রাজিলিয়ান তারকা। ছিটকে গেছেন তিন মাসের জন্য।

বিষয়:নেইমার-পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…