চোখ ধাঁধানো সামরিক মহড়ায় চীনের কমিউনিস্ট ক্ষমতার ৭০ বছর উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টির ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার ৭০ বছর উদযাপিত হচ্ছে। এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে চোখ ধাঁধানো সামরিক মহড়া।
বিবিসি জানায় মহড়ার অংশ হিসেবে সেনা সদস্যদের প্যারেড এবং কসরত ছাড়াও ট্যাংক, সাঁজোয়া যান, ড্রোন, এমনকি মনুষ্যবিহীন ডুবোযানের প্রদর্শনী হয়েছে।
এই প্রদর্শনীর মধ্য দিয়ে চীন বিশ্বনেতাদেরকে তার সামরিক শক্তির আভাস দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
তিয়ানআনমেন স্কয়ারে মহড়ার আগে সংক্ষিপ্ত ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীনকে কোনো শক্তিই তার অবস্থান থেকে নড়াতে পারবে না।
রক্তক্ষয়ী গৃহযুদ্ধে যুদ্ধে কমিউনিস্ট বাহিনীর বিজয়ের পর ১৯৪৯ সালের ১ অক্টোবর ‘চেয়ারম্যান মাও’ হিসেবে পরিচিত মাও জেডং চীন প্রজাতন্ত্র বা পিআরসি গঠনের ঘোষণা দেন।
সেই সময় থেকে এ পর্যন্ত অসামান্য দ্রুততার সঙ্গে উন্নত হয়েছে দেশটি রূপ নিয়েছে আধুনিক চীনের। কিন্তু একই সঙ্গে দেশটি বিশ্বের সবচেয়ে কঠোর রাষ্ট্র ব্যবস্থার একটি হিসেবেও পরিচিতি পেয়েছে।
তবে চীনের এই জমকালো আয়োজন হংকংয়ে চলমান আন্দোলনের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
কয়েকটি জায়গায় বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ করে রাখায় সেসব স্থানে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে বলে জানিয়েছে বিবিসি। চীন সরকার হংকংয়ের সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ ক্রমশ বাড়াচ্ছে, এমন অভিযোগে আন্দোলনরতদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়েছে।








