বাংলাদেশের ফুটবল দেখবে বিশ্বকাপ মঞ্চ! অসম্ভব? দেশের পুরুষ ফুটবল দলের যে অবস্থা, তাতে তো অসম্ভব মনে হওয়ারই কথা। তবে নারী ফুটবলের কথা তুললে স্বপ্ন কিন্তু বড় হয়ে যায়। সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ। সেখানে সেরা তিনের মধ্যে থাকতে পারলেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দরজা খুলে যাবে! বাংলাদেশের মেয়েরা অন্তরে সেই ‘দরজা’র স্বপ্ন লালন করেই প্রস্তুত হচ্ছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নানাভাবে চেষ্টা করছে কৃষ্ণা-মার্জিয়াদের প্রস্তুত করতে। ইতিমধ্যে চীন, জাপান, সিঙ্গাপুরে দল পাঠিয়ে প্রস্তুতি ম্যাচ খেলানো হয়েছে। এবার সাউথ কোরিয়া ও ভিয়েতনাম।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ১০ জুলাই সাউথ কোরিয়া যাবে মেয়েরা। সেখানে দেশটির জাতীয় দলের সঙ্গে একটি ম্যাচ খেলার কথা। বাকি তিনটি বিভিন্ন ক্লাবের বিপক্ষে। এখানেই শেষ নয়। বাফুফে মেয়েদের জন্য আরও পরিণত প্রস্তুতির ব্যবস্থা করেছে। কোরিয়া থেকে ভিয়েতনামে দল পাঠানো হবে। সেখান থেকে চ্যাম্পিয়নশিপের স্বাগতিক দেশ থাইল্যান্ডে উড়াল দিবে লাল-সবুজের প্রতিনিধিরা।
চ্যাম্পিয়নশিপে অনেকেই বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন। এর কারণ বাছাইপর্বে আগুনে সাফল্য।
বাংলাদেশ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে ওঠে। ইরানকে ৩-০ গোলে, সিঙ্গাপুরকে ৫-০, কিরগিজস্তানকে ১০-০, চীনা তাইপেকে ৪-২ এবং আরব আমিরাতের শক্তিশালী দলকে ৪-০ গোলে হারিয়েছিল কৃষ্ণারা।
মূল পর্বে অবশ্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া। রয়েছে চীন, জাপান, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলও। কোচ গোলাম রাব্বানী ছোটন এখন থেকেই নকশা আঁকছেন, ‘আমার বিশ্বাস আমরা ভালো করবো। যারা কয়েক বছর আগে ফুটবলের মৌলিক জ্ঞানে শূন্য ছিল, তারা এখন আধুনিক ফুটবল খেলছে। কিছুদিন আগে জাপানে আমরা ভালো করেছি। সিঙ্গাপুরেও প্রস্তুতি ম্যাচ খেলেছি। আশা করি স্বপ্ন পূরণ হবে।’










