রোমেলু লুকাকুর লক্ষ্যভেদে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ১-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।
শনিবার ফাইনালে ব্লুজদের প্রতিপক্ষ কোপা লিবার্তোদোরেসের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।
গত বছরের শেষদিকে ইতালিয়ান সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে লুকাকু জানিয়েছিলেন, চেলসিতে ভালো নেই। আকারে-ইঙ্গিতে দোষটা চাপিয়েছিলেন কোচ থমাস টুখেলের ভিন্ন কৌশলের দিকে।
লুকাকুর এমন বক্তব্যে চটে যান জার্মান কোচ। টুখেল পরে বলেছিলেন, ‘আমরা এটা একদমই পছন্দ করি নাই।’
কোচের বিরাগভাজন হয়ে বাদ পড়েছিলেন লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। টুখেলের পরিকল্পনায় ভবিষ্যৎ নিয়েও জেগেছিল শঙ্কা। অবশ্য ক্ষমা চাওয়ায় লুকাকু আবারও ফেরেন নিয়মিত একাদশে। এবার গোল করে চেলসিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালেই তুলে নিলেন।
বুধবার রাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে হওয়া সেমিফাইনালে মাঠে নামার আগে ইংলিশ জায়ান্টদের বিপদে ফেলে দিয়েছিল চোট সমস্যা। খেলার আগে ঠিকই ফিট হয়ে ওঠেন ম্যাশন মাউন্ট, সেসার আসপিলিকুয়েতা ও হাকিম ডিয়াজ। করোনাভাইরাস থেকে সেরে না ওঠায় ডাগ আউটে ছিলেন না টুখেল।
ম্যাচের ৩২ মিনিটে কাই হাভার্টজের ক্রস হেড বিপদমুক্ত করতে ব্যর্থ হন আল হিলাল ডিফেন্ডার ইয়াসির আল-শাহরানি। সুযোগে বল আদায় করে ছয় গজ দূর থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন লুকাকু।








