চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ‘মহাযুদ্ধে’ চেলসিকে নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাচ্ছেন না বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে ।
শনিবার এইবারকে ২-০ গোলে হারানোর পর বার্সা বস পরিষ্কার বলে দেন, ‘আমি চেলসিকে কেয়ার করি না।’
বৃহস্পতিবার (বাংলাদেশ সময় বুধবার রাত ১টা ৪৫ মিনিট) চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামবে চেলসি-বার্সা। লা লিগায় এইবারকে হারানোর আগের দুই ম্যাচ ড্র করেছিল ভালভার্দের দল। জয়ের ধারায় ফিরতে শক্তিশালী একাদশ সাজান তিনি। শুধুমাত্র কৌতিনহো প্রথমার্ধে বেঞ্চে ছিলেন। সেই তাকেও দ্বিতীয়ার্ধে খেলানো হয়।
লিভারপুল থেকে বার্সায় আসা কৌতিনহোকে বসিয়ে না রেখে অন্য কাউকে বিশ্রাম দেয়া যেত। স্পেনের গণমাধ্যম ম্যাচের শুরু থেকে এমন রব তুলতে থাকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও ভালভার্দেকে এ বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে ভালভার্দে বলেন, ‘দুটি ড্র করার পর এই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি চেলসিকে খুব একটা পরোয়া করছি না। আমার এইবারের বিপক্ষে জেতা দরকার ছিল, তাই ওইভাবে একাদশ সাজিয়েছি।’








