চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) অষ্টম আসরে প্রথম দল হিসাবে ফাইনাল উঠলো মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ালিফাইয়ার-ওয়ান ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
ওপেনিং জুটিতেই ৯০ রান। ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলে বিদায় নেন পার্থিব প্যাটেল। ৫ ছক্কা ও তিন চারে ৫১ বলে ৬৫ রানের ইনিংস খেলেন সিমন্স।
দ্রুত রান তুলতে গিয়ে বেশি দুর যেতে পারেননি রোহিত শর্মা। ১৯ রানে ব্রাভোর শিকারে পরিণত হন মুম্বাই ক্যাপ্টেন।
কিরেয়ণ পোলার্ডের ১৭ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে ১৮৭ রান করে মুম্বাই।
চেন্নাইয়ের ডোয়াইন ব্রাভো নেন ৩ উইকেট।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট চেন্নাইয়ের। স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই ডোয়াইন স্মিথকে ফেরান লাথিস মালিঙ্গা।
ক্রিজে আসেন ফাফ ডু প্লেসিস। মাইক হাসির সঙ্গে ডু প্লেসিস শুরুর বিপর্যয় সামাল দেন। ৫ ওভার ১বলে দুজনে স্কোর বোর্ডে ৪৬ রান যোগ করেন। বিনয় কুমারের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মাইক হাসি। ডু প্লেসিসের সঙ্গি হন সুরেশ রায়না।
তবে ৮৬ রানের মাথায় রায়না ফিরে গেলে বিপর্যয়ে পড়ে চেন্নাই। ব্যর্থ হন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও। প্রথম বল মোকাবেলায় হরভজনের বলে এলবিডব্লিউ’র শিকার হন চেন্নাই অধিনায়ক।
শেষ পর্যন্ত ব্রাভো ২০, জাদেজা ১৯ ও রবিচন্দন অশ্বিন ২৩ রান করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১ ওভার বাকি থাকতেই অল আউট ২০১০ ও ২০১১ মৌসুমে আইপিএল’র শিরোপাধারীরা।
তবে হারলেও ইডেন গার্ডেন্সে ফাইনাল খেলার সুযোগ এখনও রয়েছে ধোনির দলের। বুধবার এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। বিজয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে খেলবে চেন্নাইয়ের বিপক্ষে। রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে হবে এবারের আসরের ফাইনাল।







