মুন্সীগঞ্জ প্রতিনিধি:
প্রায় ১ মাস পর আবার সেই চেনা কর্মস্থলে ফিরেছেন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রিয় শিক্ষক-শিক্ষার্থীর মাঝে ফিরে আসেন তিনি। তার আগমন উপলক্ষ্যে বিদ্যালয়ে আয়োজন করা হয় সম্প্রীতি সমাবেশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে রামকুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করা হয়। এর আগে বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল তার ১০ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ক্লাশে শিক্ষার্থীদের পাঠদান করেন।
সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। আরও উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি হামিদা খাতুন, জেলা বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য রঞ্জন সাহা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর খান প্রমুখ।
গত ২২ মার্চ ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথিত অভিযোগে হৃদয় মণ্ডলকে জেলহাজতে পাঠানো হয়। ১৭ দিন পর ১০ এপ্রিল জেলা জজ ও দায়রা আদালত তার জামিন মঞ্জুর করেন।









