চীনের বিশ্বরেকর্ড ভাঙ্গা কাচের সেতু উদ্বোধনের মাত্র ১৩ দিনের মাথায়ই
বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারণ হিসেবে বলা হয়েছে, ওই এলাকায় সরকারের
জরুরি ভিত্তিতে কিছু রক্ষণাবেক্ষণ কাজ করার কথা থাকায় শুক্রবারই হুট করে
সেতু বন্ধ করে দেয়া হয়।
তবে সিএনএনের দাবি, সেতু কর্তৃপক্ষের এক মুখপাত্র
তাদের জানিয়েছেন, সেতুটিতে আশাতীত পরিমাণ দর্শনার্থীর ভীড়ের কারণে আপাতত সেটি বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্য কাচের সেতুটির কোথাও ভাঙ্গেনি বা ফাটলও ধরেনি। কোনো ধরণের দুর্ঘটনাও ঘটেনি সেখানে।
শিগগিরই সেতু পুনরায় চালুর তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৩০ মিটার লম্বা কাচের সেতুটি চীনের হুনান প্রদেশের ঝ্যাংজিয়াজিয়ে শহরে দু’টি পাহাড়ের চড়াইকে সংযুক্ত করেছে। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩৪ লাখ মার্কিন ডলার। উদ্বোধনের সময় দাবি করা হয়, এটি বিশ্বের দীর্ঘতম ও উচ্চতম কাচের সেতু। এমনকি এটি কতটা মজবুত তা প্রমাণ করতে উদ্বোধনের দিনই যাত্রীসহ একটি গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয় সেতু দিয়ে।
দুই পাহাড়ের মাঝের গিরিখাতের ৩শ’ মিটার ওপরে ঝুলন্ত সেতুটি থেকে দেখতে পাওয়া দৃশ্যই হলিউড চলচ্চিত্র ‘অ্যাভাটার’-এর দৃশ্যাবলির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে ধারণা করা হয়।










