নিজেকে প্রতিটি চরিত্রের জন্য নতুন করে গড়ে নেন দীপিকা পাড়ুকোন। আর একারণেই নিজেকেই নিজে ছাড়িয়ে যান প্রতিবার। তবে এবার যেন অতীতের সব রেকর্ড ভেঙ্গে দেয়ার পরিকল্পনা করেছেন তিনি। নতুন ছবি ‘ছপাক’ এর ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর এমনটাই ভাবছেন সিনেবোদ্ধারা।
গ্ল্যামারের খোলস থেকে বের হয়ে পর্দায় অ্যাসিড দগ্ধ নারী লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে তার চরিত্রের নাম ‘মালতি।’ মেঘনা গুলজারের পরিচালনায় তৈরি ‘ছপাক’ ছবির ফার্স্ট লুকে ঝলসে যাওয়া কুঁচকানো ত্বকে দেখা গেছে তাকে। তবে চিরচেনা সেই হাসিটি দেখেই চেনা যায় এটা দীপিকার ছবি।
২০০৫ সালে ১৫ বছর বয়সে এক ব্যক্তির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন লক্ষ্মী আগারওয়াল। এরপর দিল্লির এক বাসস্ট্যান্ডে দুই বন্ধু এসিড নিক্ষেপ করে তার মুখ ঝলসে দেয়। তবে তিনি হাল ছাড়েননি। ২০১৪ সালে মার্কিন সরকারের কাছ থেকে ‘ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ’ অ্যাওয়ার্ড পান লক্ষ্মী। সংগ্রামের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণার নাম।
২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পাবে ‘ছপাক’ ছবিটি।








