চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের লিড চারশ পেরিয়েছে। তৃতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত ব্যাটিং করছে স্বাগতিকরা। বাংলাদেশের সামনে লক্ষ্য কেবল বড়ই হচ্ছে। রোহিত শর্মার দল এগিয়ে ৪৩২ রানে।
দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে ৩ উইকেট হারানোর পর শুভমন গিল-রিশভ পান্ট জুটি বড় পুঁজির দিকে নিয়ে যাচ্ছে ভারতকে। এর মধ্যে ফিফটি তুলে নিয়েছেন গিল ও পান্ট। চতুর্থ উইকেট জুটি পেরিয়েছে শতরানের গণ্ডি।
তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২০৫ রান। ৮৬ রান করে ক্রিজে আছেন গিল ও ৮২ রান এসেছে পান্টের ব্যাট থেকে।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শনিবার ৩৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেন গিল। মাঝে দুটি ওভার শান্ত থাকলেও দিনের তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজকে দুটি ছক্কা মেরে ফিফটি তুলে নেন। টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তার।
এর আগে চেন্নাইয়ে প্রথম দিনে টসে হেরে ব্যাটে নেমেছিল ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রান করে তারা। জবাবে নেমে ১৪৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্তদের ফলো-অন না করিয়ে ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান তুলে দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড নিয়ে রাত্রি বিশ্রামে যায় রোহিত শর্মার দল।







