সিলেট থেকে: বিশ্বকাপের আট মাস পর ওয়ানডে খেলতে নামবেন লিটন দাস। কিছুটা চাপ ভর করেছিল মনে। শনিবার রাতে জানানো হল নামতে হবে পছন্দের ওপেনিং পজিশনে। তাতে চাপ আরও বাড়ল। রোববার দুপুরে ক্রিজে নামার পরও তা কাটিয়ে উঠতে পারছিলেন না। চাপ বইতে বইতেই করে ফেললেন অসাধারণ এক সেঞ্চুরি!
যারা লিটনের ১০৫ বলে ১২৬ রানের ঝলমলে ইনিংসটা দেখেছেন, হয়ত বিশ্বাস করতে চাইবেন না এই ব্যাটসম্যান চাপে ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের ম্যাচসেরা লিটন সংবাদ সম্মেলনের শুরুতেই জানালেন, চাপে থাকার কথাটি।
‘অনেকে হয়ত বোঝেনি, আমি অনেক নার্ভাস ছিলাম আজকে। কাল রাত থেকে আমি অনেক নার্ভাস। কারণ অনেকদিন ধরেই বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলছি না। শ্রীলঙ্কায় সবশেষ সিরিজে খেলিনি। তারপর জানতাম আজ ওপেন করব, এই জিনিসটা আরও চাপ তৈরি করেছিল। আমার মনে হয় ওই নার্ভাসনেসটা ইতিবাচক হিসেবে কাজ করেছে মাঠে।
‘যেহেতু আমি নার্ভাস, বেশি ফোকাস নিয়ে খেলতে হবে, সব শট খেলা যাবে না। আমার মনে হয় নার্ভাসনেসটাই ফোকাস খুব ভালো করে দিয়েছে যতক্ষণ উইকেটে ছিলাম। বিশ্বকাপে খেলেছি পাঁচ নম্বরে। সাদা বলে ওপেন করাটা অনেকদিন পর। যে কারণে নার্ভাস ছিলাম।’







