দিনেশ চান্দিমালের সেঞ্চুরি ও ক্যারিয়ার-সেরা ইনিংসের পরও ভারতের বিপক্ষে গল টেস্টে নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়ে শ্রীলঙ্কা। ভারতকে প্রথম টেস্ট জেতার জন্য ১৭৬ রানের টার্গেট দিয়েছে লঙ্কানরা। জবাবে ১ উইকেটে ২৩ রান করে তৃতীয় দিন শেষ করা ভারতের জয়ের জন্য চাই আর ১৫৩ রান। ৯ উইকেট আর পুরো দুই দিন হাতে আছে সফরকারীদের।
প্রথম ইনিংসে ১৯২ রানে পিছিয়ে পড়া শ্রীলঙ্কা চান্দিমালের অপরাজিত ১৬২’তে দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়েছে ৩৬৭। গল স্টেডিয়ামে আগের দিনের ২ উইকেটে ৫ রান নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছিলো। থিরিমান্নে ৪৪ এবং মুবারক ৪৯ রানে আউট হলেও ১৯ বাউন্ডারি ও চার ছক্কায় ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে অপরাজিত থাকেন কিপার-ব্যাটসম্যান চান্দিমাল।
প্রথম ইনিংসের তিনের সঙ্গে দ্বিতীয় ইনিংসে আরো পাঁচসহ মোট আট ক্যাচ নিয়ে ভারতের অজিঙ্কা রাহানে গড়েছেন এক টেস্টে ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড।
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস ৩৬৭ রানে গুটিয়ে দিয়ে ১৭৬ রানের টার্গেট পাওয়া ভারত হারিয়েছে ওপেনার লোকেশ রাহুলের উইকেট।






