গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছাঁটাই হওয়ার পর আপাতত বেকারই আছেন হোসে মরিনহো এবং সেটা নিজের ইচ্ছাতেই। বেইন স্পোর্টসকে পর্তুগিজ কোচ জানিয়েছেন এর মধ্যেই তিনটি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে ঝাল ঝেড়েছেন তার সমালোচনাকারীদেরকেও।
মরিনহোকে ছাঁটাইয়ের পেছনে ম্যানইউর বড় যুক্তি ছিল ৫৫ বছর বয়সী কোচের দর্শন ক্লাবের ধরনের সঙ্গে বেমানান। তার অধীনে নিজেদের মেলে ধরতে পারছিলেন না তরুণ ফুটবলাররা। রেড ডেভিলদের সাবেক তারকা গ্যারি নেভিলও বলছেন, ভবিষ্যতে আর কোনোদিনই ক্লাবের দর্শনের সঙ্গে আপোষ করতে দেয়া হবে না।
নেভিলের সেই কথা ধরে তাকে সূক্ষ্ম খোঁচা দিতে ছাড়েননি মরিনহো। যেকোনো ক্লাবের দুঃসময়ে দায়িত্ব নিতে মোটেও কুণ্ঠা বোধ করবেন বলেও জানিয়েছেন তিনি, ‘গ্যারি নেভিল মোটেও আমার খেলার ধরন সম্পর্কে জানে না। আমার খেলার ধরন সময় অনুযায়ী পাল্টায়। ইয়ুর্গেন ক্লপ লিভারপুলের এবং পেপ গার্দিওলা ম্যানসিটিকে যে অবস্থায় পেয়েছিল আমিও সে অবস্থায় যেকোনো ক্লাবের দায়িত্ব নিতে চাই।’
‘আর আমি এর মধ্যেই তিনটি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ আমি যেমনটা চাই সেগুলো মোটেও তেমন ছিলো না!-যোগ করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ।







