আইসিসির কাছে প্রস্তাবিত লভ্যাংশ প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল প্রত্যাহারের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিল বিসিসিআই। ভারতীয় বোর্ড সে পথে হাঁটবে কিনা সেটি জানতে ৭ মে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তবে চাইলেই আইসিসির দ্বিতীয় বৃহৎ টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে রাখতে পারবে না বিসিসিআই সেটাই মনে করিয়ে দিলেন বিনোদ রায়। লোধা কমিশনের সুপারিশে বিসিসিআইর কমিটি অব অ্যাডমিনেস্ট্রেটর (সিওএ) প্রধান জানাচ্ছেন, তাদের অনুমতি ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ বয়কট করতে পারবে না বিসিসিআই।
‘হ্যাঁ, আমরা সরাসরি একটি নির্দেশনা প্রদান করেছি। আইসিসির লভ্যাংশের নীতির বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিতে চাইলে সেটা বিশেষ সাধারণ সভা থেকেই নিতে হবে। কিন্তু বিসিসিআইকে সরাসরি জানিয়ে দেয়া হয়েছে আমাদের অনুমতি ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে কোনভাবেই বয়কট করা যাবে না।’ ভারতীয় সংবাদমাধ্যমে এমন কথাই জানিয়েছেন বিনোদ।
বিসিসিআইর সেই বিশেষ সভাটি ৭ মে হওয়ার কথা। সভাকে ঘিরে সাবেক বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের দশ জন অনুসারী এক গোপন টেলিকনফারেন্স মিটিংয়ে বসেছিলেন। সেই সভায় আইসিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করার মত সিদ্ধান্ত এসেছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানাচ্ছে।
সেই গোপন সভার কথাও ঠিকই সিওএ’র কানে পৌঁছে গেছে। এই ধরনের সভার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞাও জারি করেছে সিওএ, ‘কেউ আমাদের কানে এনেছে যে, কয়েকজন বোর্ড কর্মকর্তা এক টেলিকনফারেন্সে মিলিত হয়েছেন। দুঃখজনক এক সিদ্ধান্তও নিয়েছেন। তাদের একটা বিষয় মাথায় আনতে হবে যে, এই ধরনের সিদ্ধান্ত চাইলেই দ্রুত সময়ে নেয়া যায় না। এক চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে ৮ বছরের জন্য আইসিসির টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। মাত্র কয়েকজন মিলে সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না।’








