না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত ব্যান্ড বিটলসের সঙ্গীত প্রযোজক জর্জ মার্টিন। সঙ্গীতায়োজক, অডিও প্রকৌশলী ও সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতি পাওয়া এ ব্যক্তিত্বের বয়স হয়েছিল ৯০ বছর।
দ্য বিটলসের জনপ্রিয়তায় জর্জের ভূমিকা অবিস্মরণীয়। তাই তাকে ‘ফিফথ বিটল’ নামে ডাকা হতো। টুইটের মাধ্যমে দ্য বিটলসের ড্রামার রিঙ্গো স্টার জানান, মঙ্গলবার লন্ডনের নিজ বাড়িতে মারা গেছেন জর্জ মার্টিন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
পাঁচ দশকজুড়ে সঙ্গীতাঙ্গনে ছিলেন জর্জ। সর্বকালের সবচেয়ে সফল সঙ্গীত প্রযোজক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জর্জ মার্টিনের নাম ওঠে। তিনি ছয়বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। ‘আ হার্ড ডেজ নাইট’ সিনেমার মিউজিক স্কোরের জন্য পান অস্কার মনোনয়ন। ১৯৯৬ সালে পান নাইট খেতাব। ১৯৯৯ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে জর্জকে স্বীকৃতি দেওয়া হয়।
মাত্র ৫ বছর বয়সে একটি পিয়ানো কিনে দেয়া হয় শিশু মার্টিনকে। সেই থেকে মিউজিককে মেখে নিয়েছিলেন ধমনীতে। সম্পূর্ণ জীবন ব্যায় করেছেন মিউজিক নিয়েই। বৃটিশ গায়ক হয়েও তিনি সমানভাবে জনপ্রিয় যুক্তরাষ্ট্রে। বিখ্যাত জেমস বন্ড সিরিজের ৩টি মুভির থিমেই রয়েছে তার অবদান।
তার মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ সতীর্থরা জর্জ মার্টিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।







