চলচ্চিত্র উৎসবে তাদের সাথে ‘বিশ্বসুন্দরী’ দেখার সুযোগ
রবিবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘বিশ্বসুন্দরী’র প্রদর্শনী

তিনজন তরুণ বন্ধু একসাথে হাসছে, একটি পার্টি বা উৎসবের মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০তম আসরের। ৯ দিনব্যাপী এই উৎসবে দেখানো হবে ৭০টি দেশের ২২৫টি সিনেমা। আর এই উৎসবে নির্মাতা ও কলাকুশলীদের সাথে বসে দর্শক দেখতে পারবেন বহুল প্রশংসিত বাংলা সিনেমা ‘বিশ্বসুন্দরী’।
পরীমনি ও সিয়াম আহমেদ অভিনীত ‘বিশ্বসুন্দরী’ নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানান, রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে আমার সিনেমাটি। এটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়া ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ সেকশনে নির্বাচিত হয়েছে।
ইরান, ভারত, যুক্তরাজ্য, ব্রাজিল ও অস্ট্রেলিয়া সহ এই বিভাগে ‘বিশ্বসুন্দরী’ ছাড়াও ৪৬টি সিনেমা স্থান পেয়েছে।
নির্মাতা জানান, সাড়ে ৫টায় সিনেমা দেখতে তিনি সহ এই সিনেমার অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীরাও উপস্থিত থাকবেন। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, সিনেমা শেষ হওয়ার পর দর্শকদের সাথে নির্মাতার প্রশ্নোত্তর পর্বও রয়েছে।
২০২০ সালের শেষ দিকে মুক্তি পায় সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। ছবিতে পরীমনি-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, হীরা, সীমান্ত, খালেদ হোসেন সুজনসহ অনেকে।






