চট্টগ্রাম মহানগরীতে মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। সদরঘাটের এক বাড়িতে বৃহস্পতিবার সকালে খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন নাসিমা আক্তার (৩৫) ও তার মেয়ে রিয়া আক্তার (৭)।
পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে গৃহপরিচারিকা ঘরের দরজা খুললে মেঝেতে গৃহকর্ত্রী নাসিমার রক্তাক্ত লাশ দেখতে পান। আর বাথরুমে পড়ে থাকতে দেখেন মেয়ে রিয়ার জবাই করা লাশ।
তিনি বাড়ির পাশে নাসিমার ভাইয়ের দোকানে গিয়ে জানালে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
নিহত নাসিমার স্বামী বলেন, সকালে দুই ছেলেকে নিয়ে তিনি বেরিয়ে যান। এরপরই খুনের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে।
পুলিশের ধারণা, ডাকাতির জন্য এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে জোড়া খুনের পেছনে পারিবারিক বিরোধ বা অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।






