চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র ‘ভয়ঙ্কর আস্তানা’ থেকে কথিত সামরিক শাখার প্রধানসহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করেছে পিস্তল, হ্যান্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ বোমা ও গ্রেনেড তৈরীর সরঞ্জাম।
পুলিশ জানায়, চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াজনগরের আজিমপাড়ার একটি বাড়িতে জেএমবি সদস্যরা অস্ত্র ও গ্রেনেড তৈরীর ভয়ংকর একটি আস্তানা গড়ে তুলেছিলো সোমবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে উদ্ধার করে ১০টি হাতে তৈরী গ্রেনেডসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, বোমা ও গ্রেনেড তৈরীর সরঞ্জাম।
সেসময় জেএমবির তথাকথিত সামরিক শাখার প্রধান মোঃ জাবেদসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার অভিযানের খবর নিশ্চিত করেছেন। পুরোপুরি হিসেব না করে বলা না গেলেও আটক সরঞ্জাম দিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড তৈরি করা সম্ভব ছিলো বলে তিনি জানান।
এলাকাটিকে গ্রেনেড তৈরির জন্য নিরাপদ মনে করে চলতি মাসেই জেএমবি সদস্যরা সেখানে বাসা ভাড়া নিয়েছিলো বলে মনে করেন উপ কমিশনার।
অভিযানের সময় জেএমবির এক সদস্য পুলিশের দিকে গ্রেনেড ছুঁড়ে মারে। তবে পিন খোলা না থাকায় সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। সেসময় বিকট আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠে।
গোপন তথ্যের ভিত্তিতে ডিবি’র একটি দল এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করে বলে জানান সিএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. শহিদুর রহমান।
এলাকাবাসী জানান, সবার অগোচরে জেএমবি’র ওই সদস্যরা নিজেদের কাজ চালাচ্ছিলো। আশেপাশে থেকেও তারা কিছুই টের পাননি এতোদিন। শান্ত এলাকাকে আজ যারা ভয়ংকর এলাকায় পরিণত করেছে তাদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেন তারা।







