চট্টগ্রামের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ১০টি দোতলা বাস দিয়েছেন। শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বাস সার্ভিস উদ্বোধন করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রতিটি দ্বিতলবাসে ৭৩টি করে আসন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্র দেখিয়ে দূরত্ব বা গন্তব্য যাই হোক এসব বাসের ভাড়া মাত্র ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীরা বিশেষ করে সরকারি, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যেকোনও গন্তব্যে ন্যূনতম ৫ টাকা ভাড়ার বিনিময়ে এই বাসে চলাচলের সুযোগ পাবে।
শিক্ষার্থীরা বাসে রক্ষিত ‘সততা বাক্সে’ ভাড়া জমা দেবেন। এজন্য প্রতিটি বাসে লাগানো হয়েছে ৬টি করে সিসি ক্যামেরা।
এই বাস চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি, যাতায়াত খরচ এবং গণপরিবহনের ওপর নির্ভরতা কমবে বলেই সাধারণ জনগণের ধারণা।
বাসে শিক্ষার্থীদের সব কার্যক্রম সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হবে। প্রথম ধাপে ২ বছর এসব বাসের পরিচলনার ব্যয় ভারের দায়িত্ব গ্রহণ করেছেন দেশের শীর্ষস্থানীয় রড উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত গ্রুপ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জিপিএইচ ইস্পাত লি: এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল।







