ঘূর্ণিঝড় সুইদেলোর আঘাতে তাইওয়ানে কমপক্ষে ৫ জন মারা গেছে। নিহতদের মধ্যে ৮ বছরের একটি মেয়ে ও তার মা রয়েছেন। এ দ্বীপ রাষ্ট্রটিতে ঘূর্ণিঝড় আঘাত হানার পর সেখানে প্রবল ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতও হচ্ছে।
শনিবার সকালে তাইওয়ানের পূর্বাঞ্চলে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে বহু গাছপালা, বিলবোর্ড উপড়ে গেছে। এখন পর্যন্ত একটি গ্রামে ভূমি ধসের খবর পাওয়া গেছে। প্রায় ২০ লাখ বাড়িতে বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে দেশটিতে সকল ট্রেন ও ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সব স্কুল-কলেজও বন্ধ রয়েছে।
তাইওয়ানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে দেশটির উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
স্থানীয়দের একজন জানান, তার দীর্ঘ ৬০ বছরের জীবনে এতো ভয়াবহ ঘূর্ণিঝড় আগে কখনো দেখেননি। এই ঘূর্ণিঝড়ের ভয়ে প্রায় হাজারো এলাকাবাসী তাদের ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছেন।
আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় সুইদেলো তাইওয়ানের মধ্য দিয়ে চীনের মূল ভূখন্ডের দিকে এগিয়ে যাবে।






