ছুটি শুরুর এক দিন আগে এখন রাজধানী আর চিরচেনা কর্মচঞ্চল নগরী নয়। রাজধানীজুড়ে একটাই দৃশ্য বাস-ট্রেন-লঞ্চ ঘাটের দিকে মানুষের স্রোত। বাড়ি যাচ্ছেন সবাই। টার্মিনাল থেকে দূরপাল্লার বাস দুই থেকে তিন ঘণ্টা দেরিতে ছাড়লেও সময় মেনেই গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন।
খুব সকাল থেকেই যাত্রীদের পদচারনায় মুখর রাজধানীর ট্রেন স্টেশনগুলো। পরিবার পরিজন নিয়ে নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে অপেক্ষায় যাত্রীরা। দু’একটি বাদে সময় মেনেই নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। সময় মত ট্রেন পেয়ে খুশি যাত্রীরাও।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বড় কোনো দুর্ঘটনা না হলে সময়মত সবাইকে বাড়ি পৌছে দিতে পারবেন বলে তারা আশা করেছেন।
গত কয়েকদিনের তুলনায় ভীড় বেড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। গন্তব্যের বাস ধরতে নির্ধারিত সময়ের আগেই টার্মিনাল এসে বাড়ি ফেরার অপেক্ষায় রাজধানীবাসী।
গত দুই দিনের বৃষ্টিতে মহাসড়কে গাড়ির ধীর গতির কারনে যানজট হয়েছে বলেই ট্রিপ দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন বাস কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল থেকে বাস এবং ট্রেন স্টেশনে মানুষের ভীড় আরো বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।






