লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল বার্সেলোনা। এবার ঘরের মাঠে গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। আগের ম্যাচে এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বিতে ড্র’র পর জয়ে ফিরতে ব্যর্থ হলেন মেসি-সুয়ারেজরা।
রোববার প্রথমার্ধে বেশকিছু দুর্বল সুযোগ তৈরি করে শেষপর্যন্ত গোলে রূপ দিতে পারেনি বার্সা। ২০১২তে রিয়ালের বিপক্ষে এল ক্ল্যাসিকোর পর এই প্রথম ঘরের মাঠে প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হল কাতালানরা।
ম্যাচের ৩০ মিনিটে রাকিটিচের বাড়ানো বল প্রতিপক্ষ বক্সে নিয়ন্ত্রণে নিয়েও গোল করতে পারেননি ন্যু ক্যাম্প ৩০০তম ম্যাচ খেলতে নামা লিওনেল মেসি। ৪০ মিনিটে অতিথিরা সুযোগ হাতছাড়া করলে বেঁচে যায় বার্সেলোনা।
মধ্যবিরতির পর ৬৬ মিনিটে দারুণ সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। ৮০ ও ৮১ মিনিটে মেসির শট ঠেকিয়ে নায়ক বনে যান গেটাফে গোলরক্ষক। তাতে চলতি লিগে প্রথমবারের মত কোন ম্যাচে গোলছাড়া মাঠ ছাড়তে বাধ্য হয় গত ২২ ম্যাচে প্রতিপক্ষের জালে আসর সর্বোচ্চ ৬০টি গোল হজম করানো কাতালানরা।
বার্সা ড্র করায় লাভ হল অ্যাটলেটিকো মাদ্রিদের। গত ম্যাচে মালাগার বিপক্ষে জিতেছে তারা। ফলে টানা তিন জয়ে বার্সার সঙ্গে এখন তাদের পয়েন্ট ব্যবধান ৭। ডিয়েগো সিমিওনের দল আগামী ৪ মার্চ বার্সার মুখোমুখি হবে। সেখানে পয়েন্ট ব্যবধান অনেকটা কমানোর সুযোগ পাবে।
এই ড্রয়ে ২৩ ম্যাচ পর শীর্ষেই থাকা বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৫৯। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো দ্বিতীয়স্থানে। এক ম্যাচ কম খেলা রিয়াল ৪২ পয়েন্ট নিয়ে আছে তিনে। ২২ ম্যাচে ৪০ পয়েন্ট ভ্যালেন্সিয়ার।








