দলবদলের রেকর্ড গড়া শেষ। নেইমারের পিএসজিতে নাম লেখানোর সেই অর্থটা ২২২ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১০৬ কোটি টাকা। ফরাসি জায়ান্টরা এই পরিমাণ অর্থে ব্রাজিল তারকাকে দলে টানলেও, অন্যসব খরচ মিলিয়ে চুক্তির পাঁচ বছরে ঢালবে আরও বিস্তর অর্থ।
চুক্তির ৫ বছরে নেইমারের পেছনে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ইউরো ঢালবে পিএসজি। যার মধ্যে সংযুক্ত আছে রিলিজ ক্লজ, পারিশ্রমিক এবং বোনাসের অর্থ।
নেইমারের রিলিজ ক্লজ মূল্য ২২ কোটি ২০ লাখ ইউরো। পিএসজিতে বছরে ৩ কোটি ইউরো পারিশ্রমিক পাবেন ব্রাজিল তারকা। যা পাঁচ বছরের প্রাপ্তির হিসেবে দাঁড়াবে ১৫ কোটি ইউরোতে। সেটিও কর পরিশোধ করা ছাড়াই।
সাপ্তাহিক পারিশ্রমিক হিসেবে নেইমারের আয় দাঁড়াচ্ছে ৫ লাখ ১৫ হাজার পাউন্ডে। যেটাকে সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন হিসেবে ধরলে চোখ কপালে ওঠারই কথা! ফ্রেঞ্চ জায়ান্টদের ডেরায় প্রতি সেকেন্ডে নেইমারের আয় হবে ৮৮ পেন্স, প্রতি মিনিটে সেটি প্রায় ৫৪ পাউন্ডের কাছাকাছি। আর ঘণ্টায় তিন হাজার দুইশ পাউন্ড প্রায়।
দিনের হিসেবে যেটি ৭৬ হাজার ৭ শত ৪০ পাউন্ডের কাছাকাছি। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় নেইমারের দৈনিক আয় দাঁড়াচ্ছে প্রায় ৮০ লাখ টাকার ওপরে! ঘণ্টার হিসেবে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।
ব্রাজিলিয়ান তারকার ট্রান্সফার প্রক্রিয়ার কারণে সিনিয়র নেইমার এবং ইসরায়েলি এজেন্ট পিনি জাহাভিকে ৩ কোটি ৮০ লাখ ইউরো দেবে পিএসজি। সব খবচ মিলিয়ে তাই ৫ বছরের এই চুক্তিটার আকার হয়ে যাচ্ছে ৫০০ মিলিয়ন ইউরো।
এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে চূড়ান্ত খবর আসে। ফরাসি জায়ান্ট ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে জানায়, তাদের সঙ্গে রেকর্ড মূল্যে পাঁচ বছরের চুক্তি সেরেছেন নেইমার।
চুক্তির সেই ২২২ মিলিয়ন ইউরোই ট্রান্সফার রেকর্ড। গত বছরের আগস্টে ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে পল পগবাকে জুভেন্টাস থেকে এনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেটাই ছিল আগের ট্রান্সফার ফির রেকর্ড দর।
নেইমার সান্তোস থেকে বার্সায় এসেছিলেন ২০১৩ সালে। কাতালানদের দলে নাম লিখিয়ে হয়ে ওঠেন অপরিহার্য সদস্য। মেসি-সুয়ারেজকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ। চার বছর পর শেষ হল নেইমারের সেই বার্সা অধ্যায়।
ন্যু ক্যাম্পে এসে প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার হয়ে ১০৫টি গোল করেছেন নেইমার। কাতালান ক্লাবটির হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা ডেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৮টি শিরোপা জিতে গেলেন।
২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় হন ব্রাজিলের এই ফরোয়ার্ড। গত অক্টোবরে কাতালান ক্লাবটির হয়ে পাঁচ বছরের নতুন চুক্তিতেও এসেছিলেন। কিন্তু সব ছিন্ন করে আইফেল টাওয়ারের দেশে এখন পিএসজির খেলোয়াড় এই ব্রাজিলিয়ান।








