গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট (এমগভ) অ্যাওয়ার্ড গ্রহণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বাংলাদেশ সরকার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই সম্মানজনক পুরস্কারটি বিশ্বব্যাপী মোবাইল ফোনভিত্তিক প্রযুক্তির অগ্রগতি এবং এর উন্নয়ন সম্পর্কিত জ্ঞানের আদানপ্রদানকে উৎসাহিত করতে প্রদান করা হয়।
মঙ্গলবার যুক্তরাজ্যের ব্রাইটনে অনুষ্ঠিত সামিটে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পুরস্কার গ্রহণের পর শাহরিয়ার আলম বলেন, ‘তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে এমন দেশ কমই আছে যারা নাগরিক সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে। অন্যদিকে বাংলাদেশ সরকার তাদের ২০২১ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে অনেক আগে থেকেই বিভিন্ন সেক্টরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু করে দিয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশের অর্জন নজর কাড়ার মত। ডিজিটাল বাংলাদেশ এখন শুধু একটা টার্গেট নয়, এটা পুরো বাংলাদেশের ভিশন’।
পুরস্কার প্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি খাতে আমরা এগিয়ে চলেছি।
এমগভ ইউকের প্রতিষ্ঠাতা পরিচালক ইব্রাহিম কুশচু বলেন, ‘বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সরকারি সেবার ডিজিটাইজেশনের মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় মোবাইল ভিত্তিক প্রযুক্তির নানা সুবিধা পৌঁছে দেওয়ার যাত্রা শুরু করেছে। এর অংশ হিসেবে তারা ব্যাপকভাবে প্রকল্প হাতে নিয়েছে এবং সফলতা এই অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে জুরি বোর্ড বিবেচনা করেছে।
এই পুরষ্কারের জন্য প্রতিযোগী অন্যান্য দেশের মধ্যে ছিল দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, রাশিয়া, তুরস্ক, চিলি, কলাম্বিয়া, স্লোভাকিয়া, ভারত, দুবাই ও অন্যান্য।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পুরস্কার গ্রহণকালে আরও উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মো: নাজমুল কাওনাইন।










