গতকাল দুই দফায় গ্যাসের দাম ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ঘোষণার পর থেকে জনমনে বিরূপ প্রভাব পড়েছে। প্রবাসী সাংবাদিক ফজলুল বারী ভবিষ্যত সমস্যা নিয়ে তার ফেসবুক স্ট্যটাসে লিখেছেন: বাংলাদেশে গৃহস্থালির গ্যাস ব্যবহারকারীরা সরকারগুলোর সৃষ্ট দেশের সুবিধাবাদী সম্প্রদায়। বাংলাদেশের যেহেতু বিদেশে গ্যাস রপ্তানির রাজনৈতিক সিদ্ধান্ত নেই তাই বিদেশি উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আন্তর্জাতিক মূল্যে ডলারে তিনগুন বেশিদামে গ্যাস কিনে স্থানীয় মূল্যে তিনগুন কম দামে গ্যাস বেচে তাদের অভ্যস্ত করে রেখেছে সরকারগুলোই।
বিদেশিদের কাছ থেকে বেশি দামে গ্যাস কিনে কমদামে ভর্তুকি দিয়ে বিক্রির হিসাবও সরকারগুলো প্রকাশ করে না। কারণ গ্যাস চোরও তাদের মধ্যে বসবাস করে। আর শহর ভিত্তিক এই ভোক্তা শ্রেণীই দেশের ক্ষমতার অদলবদলের নিয়ামক শক্তি। এদের বাইরে যে দেশের গ্যাস সুবিধা বঞ্চিত বড় জনগোষ্ঠী আছেন তাদের কথা সরকার, এই সুবিধাভোগীর দল তারা কেউ ভাবে না। ভাববেও না। বাংলাদেশটাকে একই সমতলে আনতে গৃহস্থালির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সকল ভোক্তাদের সিলিন্ডার গ্যাস প্রকল্পের আওতায় নিয়ে আনতে দরকার শক্তিশালী রাজনৈতিক সিদ্ধান্ত।
শেখ হাসিনার সে সাহস আছে। কিন্তু তিনি তা করবেন কিনা তা আমি নিশ্চিত না। সারাদেশের গৃহস্থালির গ্যাস ব্যবহার ব্যবস্থাকে একই সমতলে সিলিন্ডার গ্যাস ব্যবহার ব্যবস্থায় নিয়ে আসা গেলে প্রায় ফুরিয়ে আসা গ্যাসের মজুদ টিকে থাকতে পারে আরও কিছুদিন বেশি। কারণ দেশের গ্যাসের মজুদ ফুরিয়ে আসার পর সিলিন্ডার গ্যাসই আমদানি করে আনতে হবে। অতএব সাধু সাবধান।







