গণবিজ্ঞপ্তির মাধ্যমে দুই ধাপে (প্রথম ধাপ ১ মার্চ ও দ্বিতীয় ধাপ ১ জুন) গ্যাসের যে মূল্য বৃদ্ধির ঘোষণা করা হয়েছে; তার দ্বিতীয় ধাপের (১ জুন) মূল্য বৃদ্ধি ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানোর গণবিজ্ঞপ্তি কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সাইফুল আলম।
ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে প্রকৌশলী মোবাশ্বের হোসেন ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন। ওই আবেদনে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতার উপর স্থগিতাদেশ চাওয়া হয়। আবেদনে জ্বালানি সচিব ও বিআরসি চেয়ারম্যানকে বিবাদী করা হয়।
গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম দুই ধাপে ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।
এতে ১ মার্চ থেকে এক চুলা ৭৫০টাকা এবং ১ জুন থেকে ৯০০ টাকা। দুই চুলা ১ মার্চে থেকে ৮০০ এবং ১ জুন থেকে ৯৫০ টাকা করা হয়। পাশাপাশি সিএনজি প্রতি ঘনমিটার ১ মার্চে ৩৮ ও ১ জুনে ৪০টাকা। বাণিজ্যিক ইউনিট ১ মার্চে ১৪ দশমিক ২০ ও ১ জুনে ১৭ দশমিক ০৪ টাকা করা হয়।







