হুমায়ূন আহমেদ সৃষ্টি করেছেন হিমু, মিসির আলী, রূপা, বাকের ভাইদের মতো জনপ্রিয় চরিত্র। ‘কে কথা কয়’ উপন্যাসে তার সৃষ্ট একটি মজার চরিত্র ‘নদ্দিউ নতিম’। নদ্দিউ একজন উজবেক কবি। যার বসত সুদূর উজবেকিস্থানে। সে উপন্যাসের চরিত্র মতিন উদ্দিনের ওপর ভর করে। মতিন উজবেক কবির গল্প, জীবনী ও কবিতার অনুবাদ পত্রিকায় ছাপান। লেখাগুলো সম্পাদক ও পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে।
সেই লেখা দেখিয়ে মতিন উদ্দিন একজন মানসিক প্রতিবন্ধী বাচ্চার টিউটর পদে উচ্চবেতনে নিয়োগ পান। বাচ্চাটি কবির সঙ্গে তাঁর জীবনের একটি গোপন বিষয় ভাগাভাগি করে, যে গোপন বিষয়টির জন্য কবিকে শেষ পর্যন্ত জীবন দিতে হয়। এছাড়া এক সময় জানায় যায় নদ্দিউ নতিম নামে উজবেক কোনো কবি নেই। মতিন উদ্দিন নামের উল্টো রূপ নদ্দিউ নতিম। ‘কে কথা কয়’ গল্পের হুমায়ূন আহমেদ সৃষ্ট ‘কবি’ চরিত্র নদ্দিউ নতিমকে মঞ্চে নিয়ে আসে ম্যাড থেটার, ২০১৫ সালের ৩০ অক্টোবর। এরপর দেশে প্রায় নিয়মিত মঞ্চস্থ হচ্ছে নাটকটি।
এবারই প্রথম ভারতের আসামের গোহাটি ও আগরতলায় যাচ্ছে ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’। ৯ এপ্রিল আসামের গোহাটিতে শ্রীমান্ত শংকরদেব কলাক্ষেত্রে এবং ১১ এপ্রিল ত্রিপুরার আগরতলায় রবীন্দ্র ভবনে রয়েছে নাটকটির প্রদর্শনী। এ উপলক্ষে ৭ এপ্রিল ভারত যাচ্ছে ম্যাড থেটারের পাঁচ সদস্য। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।







