বৈচিত্র ও গতিময় ফুটবল খেলায় দুই পায়েই সমান দক্ষ খেলোয়ারদের সংখ্যা বিরলই বলা যায়। প্রতিপক্ষের শিবিরে আঘাত হানা, মাঠে স্বাধীনভাবে চলাচল এবং পাস দেয়ার ক্ষেত্রে দুপায়ে সমান দক্ষরা বেশি সুবিধা ভোগ করে থাকেন। যেখানে কোন একটি পায়ে শক্তিশালী খেলোয়াড়দের সমস্যা পোহাতে হয়। ফুটবল খেলার সংবাদভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম দুই পায়েই সমান দক্ষ এরকম শীর্ষ ১০ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছেন।
যেখানে বতর্মান সময়ের ‘ভিন গ্রহের’ ফুটবল খেলা আজের্ন্টিনার তারকা এবং ক্লাব বাসের্লোনার প্রাণ লিওনেল মেসি না থাকলেও রয়েছেন পর্তুগিজ তারকা ও রিয়াল মাদ্রিদের গোলমেশিন রোনালদো। তবে এই তালিকায় ফুটবল কিংবদন্তী আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনার নাম থাকলেও নেই ব্রাজিলের কালো মানিক পেলের নাম। গোলডটকমে কোন নির্ধারিত অনুক্রম অনুসরণ না করে শীর্ষ এই দশজনের তালিকায় সাবেক ফুটবলাররাসহ রয়েছেন বর্তমানের অনেকেই।
ক্রিশ্চিয়ানো রোনালদো:
দুই পায়েই সমান দক্ষদের তালিকায় রয়েছেন পর্তুগালের এই বিস্ময়কর ফুটবল প্রতিভা। গতি, ড্রিবলিংয়ের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করা এই ফুটবলার সম্প্রতি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মালিক হয়েছেন। এছাড়াও এই ফরোয়ার্ডের রয়েছে হেড করে গোল করার অসামান্য দক্ষতা। জাতীয় দল ও ক্লাবের হয়ে ৭৫৮ টি ম্যাচের ক্যারিয়ারে রোনালদো গোল করেছেন ৫০৩ টি।
জিনেদিন জিদান:
মাঠে সর্বত্র উড়ে বেড়ানোর প্রকৃষ্ট উদাহারণ সৃষ্টি করেছিলেন ফ্রান্সের এই ফুটবল কিংবদন্তী। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের এই নায়ক তার ক্যারিয়ারে ৭৮৯ টি ম্যাচে করেছেন ১৫৬ টি গোল। বিখ্যাত এই নামের পাশে গোল সংখ্যা কম মনে হলে উল্লেখ করা ভালো জিদান খেলতেন মিডফিল্ডার হিসেবে।
সান্তি ক্যাজোলা:
স্পেনের এই মিডফিল্ডার তার ক্যারিয়ারের ৫৪১ টি ম্যাচে করেছেন ৮৭ গোল। আর্সেনালের হয়ে বর্তমান সময়ের প্রতিভাধর এই খেলোয়াড়কে বিবেচনা করা হয় আধুনিক ফুটবলের আদর্শ হিসেবে।
শিনজি কাগাওয়া:
জাপানের এই মিডফিল্ডার গোল তৈরি করে দেয়ার নিপুণ দক্ষতার পাশাপাশি বহু গোলেরও মালিক। বরুসিয়া ডর্টমুন্ডের এই তারকা ক্যারিয়ারের ৩৭৩ টি ম্যাচে করেছেন ১২৫ টি গোল।
ডিয়েগো ম্যারাডোনা:
ফুটবলের শ্রেষ্ঠত্বে অনেকের মতেই শীর্ষস্থানীয় এই আর্জেন্টিনার কিংবদন্তী দুই পায়েই সমান দক্ষতার ক্ষেত্রেও অতুলনীয়। ক্যারিয়ারের ৬৭৯ টি ম্যাচে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই তারকা গোল করেছেন ৩৪৬ টি।
পাওলো মালদিনি:
ইতালির রক্ষণভাগের এই তারকা তার ক্যারিয়ারের ১০২৮ টি ম্যাচে ৪০ টি গোলের মালিক। ইতালির ফুটবলের আইকন, রক্ষণে শ্রেষ্ঠত্বের আদর্শ ভদ্র খেলোয়ার এমন বহু বিশেষণে পরিচিত এই খেলোয়াড় তার দুই পায়েই অসাধারণ ক্রসিংয়ের জন্য সমাদৃত।
কাকা:
ব্রাজিলের এই মধ্যমাঠের তারকা ক্যারিয়ারের ৬৯৩ ম্যাচে করেছেন ২২০ গোল। ২০০৭ সালের ব্যালন ডিঅর জয়ী কাকা প্রতিপক্ষের রক্ষণের জন্য এক আতঙ্কের নাম। দুই পায়েই সমান দক্ষ বলে কোন পথে তাকে থামানো যাবে তা নিয়েই দ্বিধায় পড়ে যায় প্রতিপক্ষ শিবির।
ফ্রান্সেসকো টট্টি:
তার ট্রেডমার্ক শট ফ্লিকস এবং ব্যাকহিল দিয়ে সতীথর্দের গোল তৈরি করে দেয়ার পাশাপাশি অসাধারণ গোল করার জন্যও বিখ্যাত ইতালির এই তারকা মিডফিল্ডার। এএস রোমার এই কিংবদন্তি তার ক্যারিয়ারের ৮০৪ টি ম্যাচে ৩০৯ গোল করেছেন।
আন্দ্রে পিরলো:
অসাধারণ দৃষ্টিশক্তি এবং লং পাসে সুনিপুণ দক্ষতার জন্য বিখ্যাত এই ইতালিয়ান মধ্যমাঠের কারিগর ক্যারিয়ারের ৮২৩ টি ম্যাচে করেছেন ৮৫ গোল।
ইডেন হ্যাজার্ড:
বেলজিয়ামের এই মিডফিল্ডার জাতীয় দল ও ক্লাবের হয়ে তার ক্যারিয়ারের ৪৩০ ম্যাচে করেছেন ১১২ টি গোল। দুই পায়েই সমান দক্ষতা চেলসির এই তারকা প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্নের মতো।







