তৃতীয় দিনের অভিযানে থাইল্যান্ডের গুহায় আটকে থাকা শেষ ফুটবলারসহ ১২ জন ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। এদিন আরো তিন জন ফুটবলারকে উদ্ধারকারীরা বের করে আনেন বলে বিবিসি জানায়।
থাইল্যান্ডের নৌবাহিনী ফেসবুকে জানিয়েছে, গুহায় শুধু এখন তিনজন ডাইভার ও একজন চিকিৎসক রয়েছেন। তারাও বের হয়ে আসবেন।

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ছিলো ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচের দলটি।
টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর পর আরও ৬ দিন পর দলটিকে বের করে আনাতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।
এতদিনেও উদ্ধার না করতে পারার মূল কারণ ছিলো টানা বৃষ্টিতে গুহার ভেতর সৃষ্ট তীব্র স্রোতের বন্যা আর গুহার গিরিপথের প্রতিকূল গঠন।
উদ্ধারকারীদের চিয়াং রাই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সর্বশেষ উদ্ধারকারীকেও ওই হাসাপতালে নিতে দেখা গেছে। তাদের চিকিৎসা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।
এদিকে সাহসি এই অভিযানের মাধ্যমে সকলকে নিরাপদে উদ্ধার করায় উদ্ধার কাজে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।








