রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারির ভেতর অবস্থানরত জঙ্গিরা আইন শৃঙ্খলা বাহিনীকে তিনটি শর্ত দিয়েছে আত্মসমপর্ণের।
একদিন আগে ডেমরা থেকে আটক জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে। তাদেরকে নিরাপদে বের হয়ে যেতে দিতে হবে। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অভিযান- স্বীকৃতি দিতে হবে।
এরআগে জিম্মি সংকটের অবসান ঘটাতে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে যৌথ বাহিনী। তারা হ্যান্ড মাইকে বারবার জিম্মিদের ছেড়ে দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানান। এরপরই জঙ্গিরা তিনটি দাবি জানায় যৌথবাহিনীকে।
গত ১৫ জুন মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের শিক্ষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় খালেদ সাইফুল্লাকে। তাকে শিক্ষক হত্যাচেষ্টার মুল পরিকল্পনাকারী এবং নিষিদ্ধ ঘোষিত জামা’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে দাবি করছে পুলিশ।
পহেলা জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে খালেদ সাইফুল্লাহকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।








