রাজধানীর গুলশানে সেলুনে এসির বিস্ফোরণে ১৪ জন অগ্নিদগ্ধ হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। মারাত্মক দগ্ধ ৯ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার রাতে গুলশান কালাচাঁদপুর এলাকার একটি সেলুনে বিকট শব্দে বিস্ফোরিত হয় এসি। ঈদের আগে ক্রেতার ভিড় ছিল বেশি। বিস্ফোরণে সেলুনের কারিগর, চুলকাটাতে আসা কয়েকজন ও পথচারীসহ অগ্নিদগ্ধ হন ১৪ জন। দ্রুত তাদের নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে সামান্য আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। বাকী ৯ জনের চিকিৎসা চলছে।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা: হোসাইন ইমাম বলেন,‘ আহত দুইজনের ৩৬ শতাংশ পুড়ে গেছে। এই দুইজনকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে’।
ঘটনার অন্য কোন কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।







