একত্রে তারা কত সাফল্য এনেছেন। এখন প্রতিপক্ষ দলে। কোচ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে নিয়ে এসেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচ খেলতে। পিএসজিতে যোগ দিয়ে প্রথম গোলটি করতে পুরনো গুরুর দলকেই বেছে নিলেন লিওনেল মেসি।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এ’র ম্যাচে ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলের জয় তুলেছে পিএসজি। আর্জেন্টাইন মহাতারকার এক গোলের সঙ্গে অন্যটি ইদ্রিসা গানা গুইয়ের।
ম্যানসিটি পুরো ম্যাচে দাপট ধরে রেখে খেলেছে। আক্রমণও শানিয়েছে অতিথিরাই বেশি। অন্যদিকে ম্যাচের অষ্টম মিনিটে লিড পেয়ে যায় পিএসজি। হাকিমি-এমবাপে বোঝাপড়ায় বানানো সুযোগে বল পেয়ে অরক্ষিত থাকা ইদ্রিসা গানা গুইয়ে ঠেলে দেন সিটিজেন জালে।
ম্যাচের আধাঘণ্টায় পৌঁছে রাহিম স্টার্লিং ও সিলভার প্রচেষ্টা কাটা পড়ে ক্রসবার দুর্ভাগ্যে! দশ মিনিট পর এমবাপের বাড়িয়ে দেয়া বলে সুযোগ নষ্ট করেন হের্রেরা। পরের মিনিটে এমবাপের ঠেলে দেয়া বল জালে নিতে পারেননি অধিনায়ক মার্কুইনোস।
শুরুর একাদশে থাকা তরুণ ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাও দেয়াল হয়েছেন ডি ব্রুইনদের সামনে। মধ্যবিরতি পেরিয়ে পিএসজি ব্যবধান দ্বিগুণ করে ৭৪ মিনিটে। আসে সেই মাহেন্দ্রক্ষণ। খাতা খোলেন মেসি।
মেসি বক্সের অনেকটা বাইরে থেকে বল নিয়ে দ্রুতগতিতে এগোতে থাকেন সিটির গোলমুখে। একজন ডিফেন্ডার দ্বারা মার্কড এমবাপের দিকে ক্রস করেন। এমবাপে আলতো ফ্লিকে বল ফেরত পাঠান মেসির দিকে। বাঁ-পায়ের দর্শনীয় শটে লা প্যারিসিয়ানদের হয়ে গোলের খাতা খোলেন এলএম৩০।
পিএসজিতে প্রথম, আর চ্যাম্পিয়ন্স লিগের মেসির ১২১তম গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর ১৩৬ গোলের পর দ্বিতীয় সর্বোচ্চ।








