দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে বহু বড় বড় প্রতিভাবান আইটি ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন বিখ্যাত গুগল সার্চ ইঞ্জিন। আর মাত্র ১৬ বছর বয়সেই আনমোল তাকরেল তার তৈরি সার্চ ইঞ্জিনকে গুগল এর চেয়ে ৪৭ শতাংশ বেশি সঠিক (একুরেট) বলে দাবি করে তাক লাগিয়ে দিয়েছে আইটি জগৎকে।
ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান এই কিশোর হাই স্কুল প্রজেক্টের অংশ হিসেবে ডিজাইন করা তার সার্চ ইঞ্জিনটি ‘গুগল সাইন্স ফেয়ার’ এ জমা দিয়েছে। ভারতের ব্যাঙ্গালুর ভিত্তিক অ্যাডটেক ফার্ম আইসক্রিম ল্যাবস এ ইন্টার্নশিপ করার সময় এই অত্যাধুনিক সার্চ ইঞ্জিন তৈরির স্পৃহা পেয়েছে উদীয়মান এই কিশোর। গুগল সার্চ ইঞ্জিনকে আরেক ধাপ এগিয়ে নেয়ার পরিকল্পনা করে এই সার্চ ইঞ্জিন তৈরি করেছে আলমোল।
নিউইয়র্ক টাইমসকে দেয়া একটি সাক্ষাৎকারে আনমোল বলেছে, অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো ব্যাক্তির অবস্থান ও তার ব্রাউজিং হিস্টরির সঙ্গে সম্পৃক্ত তথ্য খুঁজে বের করে। কিন্তু তার তৈরি সার্চ ইঞ্জিন ব্যাক্তির ব্যাক্তিত্বের ধরণের সঙ্গে মিল রেখে তথ্য খুঁজে বের করবে। তার এই দাবি কতোটুকু সঠিক তা পরীক্ষা করার জন্য তাকরেল এই বছরের নিউইয়র্ক টাইমসের আর্টিকেলে তার সার্চ ইঞ্জিনের সার্চ করার সীমা নির্ধারণ করে দিয়েছে।






