মুম্বাই বিমানবন্দরে গাড়িতে এক যুবকের সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন বলিউড তারকা শ্রুতি হাসান। কিছু দিন আগে মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে যখন তারা বের হচ্ছিলেন, তখন শ্রুতি এই যুবকের হাত ধরে ছিলেন। এই যুবককে সঙ্গে নিয়ে ‘রাগদেশ’ সিনেমাটি দেখতে গিয়েছিলেন তিনি। গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবে তাদের একসঙ্গে দেখা যায়।
কে এই যুবক? বলিউডের কেউ? না, পরিচয় জানা গেছে। ব্রিটিশ যুবক। নাম মাইকেল করসেল। জন্ম লন্ডনে, সেখানেই বড় হয়েছেন। তিনি নিজেও অভিনেতা। ২০১২ সাল থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত। ‘ড্রামা সেন্টার লন্ডন’ আর ‘ব্রায়ান টিমনি অ্যাকটরস স্টুডিও’ থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তবে মঞ্চ অভিনেতা হিসেবেই তিনি বেশি পরিচিত। এই যুবকের সঙ্গে শ্রুতির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। শ্রুতি কিন্তু নিজেও অস্বীকার করেননি।
শ্রুতি হাসান এক সাক্ষাৎকারে বললেন, ‘বন্ধু এবং পরিবারের লোকজন, যারা আমার কাছে গুরুত্বপূর্ণ, তারা সবাই জানে আমার জীবনে কী ঘটছে।’
ভারতের প্রখ্যাত অভিনেতা কমল হাসান আর চিত্রনায়িকা সারিকা ঠাকুরের মেয়ে শ্রুতি হাসান বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। আমার বাবা, মা, বোনেরও ব্যক্তিগত বিষয় বলে কিছু নেই। কিন্তু ব্যক্তিগত জীবন আমার কাছে খুবই মূল্যবান। যখন আমি কাউকে পছন্দ করি, তখন মনে হয়, ওহ! অবশেষে কিছু একটা পেলাম যা আমার। এ কারণেই বিষয়টি নিয়ে আমি চুপ থাকি।’
সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রুতি হাসান অভিনীত ‘বহেন হোগি তেরি’। পরিচালনা করেছেন অজয় পান্নালাল। শ্রুতির বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। ইন্ডিয়ান এক্সপ্রেস।










