ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বেন স্টোকসকে গালি দিয়ে দ্বিতীয় ম্যাচে নিষিদ্ধ হয়েছেন সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা।
২৪ মাসের ভেতর চারটি ‘ডিমেরিট পয়েন্ট’ হজম করায় রাবাদা এই শাস্তি পেলেন। আইসিসির নিয়মানুযায়ী কোনও খেলোয়াড় ২৪ মাসের ভেতর চারবার আচরণবিধির নিয়ম ভঙ্গ করলে দুটি ওয়ানডে কিংবা একটি টেস্টে নিষিদ্ধ হন।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওডিআইতে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাসহ তিনটি ডিমেরিট পয়েন্ট হজম করেন রাবাদা।
রাবাদার দল দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ১৪ জুলাই। এই নিষেধাজ্ঞার রেকর্ড আইসিসির কাছে থেকে যাবে। পরবর্তী ২৪ মাসে আটটি অথবা আরও বেশি ডিমেরিট পয়েন্ট পেলে দুই টেস্ট কিংবা চারটি ওয়ানডের জন্য নিষিদ্ধ হবেন তিনি।
প্রথম টেস্টে রাবাদা বেন স্টোকসকে আউট করে ‘অসৌজন্যমূলক’ শব্দ ব্যবহার করেন। স্টোকসের দাবি, রাবাদা তাকে গালি দিয়েছেন। ম্যাচ রেফারি স্টোকসের দাবির সত্যতা পাওয়ায় রাবাদাকে ‘শাস্তি’ দেন।










