আমেরিকার খ্যাতনামা ম্যাগাজিনের ‘কভার গার্ল’ হয়েছেন দীপিকা পাড়ুকোন। ভক্তদের জানাতে শনিবার সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। এতেই বেধেছে বিপত্তি। ছবির ক্যাপশন নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ক্যাপশনে কী লিখেছেন দীপিকা?
আমেরিকার খ্যাতনামা ম্যাগাজিন অ্যালুর-এর কভার শেয়ার করে ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘এমন গায়ের রং নিয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিউটি ম্যাগাজিনের কভারে যতদূর মনে হয় এই প্রথম আমার ছবি। অনেক কিছু শেখা, না শেখা, এগিয়ে চলার কঠিন যাত্রা এটি। ধন্যবাদ অ্যালুর আমাকে বিশ্বাস করার জন্য।’
দীপিকার এই ক্যাপশন নিয়ে সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা। অনেকেই বলছেন, ‘গায়ের রঙের প্রসঙ্গ উল্লেখ করে দীপিকা কি বর্ণবৈষম্যকে আরও উস্কে দিলেন?’ আবার কেউ বলেছেন, ‘একজন প্রথম সারির অভিনেত্রী হয়ে এমন মন্তব্য করা লজ্জাজনক!’
সামাজিক মাধ্যমে হইচই পড়ে গেলেও দীপিকা এপ্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি। এই প্রসঙ্গে দীপিকার মন্তব্যের অপেক্ষায় আছেন ভক্তরা।
বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা। বলিউড ছাড়িয়ে দীপিকার অভিনয়ের ব্যাপ্তি হলিউডেও বিস্তৃত। কয়েকদিন আগেই দীপিকা অভিনীত ‘গেহরাইয়া’ মুক্তি পেয়েছে। এই ছবিতে দীপিকার অসাধারণ অভিনয় সকলের মন জিতে নিয়েছে।
দীপিকা পাড়ুকোন এখন স্পেনে। সেখানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘পাঠান’ ছবির শুটিং নিয়ে। আগামী বছরের শুরুতে মুক্তি পেতে চলেছে ছবিটি। এছাড়াও তার হাতে আছে ‘ফাইটার’। এই ছবিতে হৃতিকের বিপরীতে দেখা যাবে তাকে।
View this post on Instagram








