ঢাকার অদূরে ধামরাইয়ে গাছ কাটার সময় একটি গাছ চলন্ত ভ্যানের ওপর পড়ে ৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই প্রবীণ। বয়স্ক ভাতার কার্ড নিয়ে বাড়ি ফিরছিলেন তারা।
নিহতরা হলেন; নুরু মিয়া (৬৫), তার স্ত্রী কুলসুম বেগম (৬০), সামছুল হক (৭০), মাজেদা বেগম (৬৮) ও আয়শা খাতুন (৬৬)।
সোমবার দুপুরে ধামরাইয়ের কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, দুপুরে বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে আটজন যাত্রী বয়স্ক ভাতার কার্ড সংগ্রহের পর ভ্যানে করে তাদের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী ভ্যানটি কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কে পৌঁছেলে ওই সড়কের একটি বড় গাছ কাটার সময় তা ওই ভ্যানের ওপর পড়ে। এতে ভ্যানে থাকা আটজনের যাত্রীর মধ্যে ৫ জন ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে কাওয়ালীপাড়া জনতা কল্যাণ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।








