গাইবান্ধা ও দিনাজপুরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৩ সদর দপ্তরের অধিনায়ক মোজাম্মেল হক রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
র্যাব জানায়: গত ৫ মে গাইবান্ধা সদরের পশ্চিম কুপতলা গ্রামের প্রথম শ্রেণির এক ছাত্রীকে তার দাদী প্রতিবেশি আইয়ুব খানের বাড়িতে চার্জার লাইটে চার্জ দেওয়ার জন্য পাঠালে তার বখাটে ছেলে শাকিল মিয়া ওই শিশুটিকে ধর্ষণ করে।
পরে শিশুটির দাদী তাকে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করে এবং সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় র্যাব রোববার অভিযান চালিয়ে লালমনিরহাটের পাটগ্রাম থেকে শাকিলকে গ্রেপ্তার করে।
অপরদিকে, ৮ এপ্রিল দিনাজপুরের বিরল উপজেলার কাজিপাড়া বিলাইমারী গ্রামের দরিদ্র ভ্যান চালকের ৯ বছর বয়সী শিশু কন্যাকে প্রতিবেশি নওশেদ আলীর বখাটে ছেলে আরিফুল ধর্ষণ করে। শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বিরল থানায় মামলা করলে র্যাব আরিফুলকে রোববার বিরল উপজেলা থেকে গ্রেপ্তার করে।







