পর্তুগালে নিজ বাড়িতেই মারধর আর ডাকাতির শিকার হয়েছেন নিকোলাস ওটামেন্ডি। সোমবার সকালে চারজনের ডাকাত দল আর্জেন্টাইন ডিফেন্ডারের বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও কয়েকটি দামি ঘড়ি নিয়ে সটকে পড়ে।
ক্লাব বেনফিকায় খেলছেন ম্যানসিটির সাবেক ডিফেন্ডার। পরিবার নিয়ে থাকেন পর্তুগিজদের রাজধানী লিসবনের পশ্চিম দিকে তাগুস নদীর তীরে। সেখানেই ডাকাতি ও হামলার শিকার হয়েছেন।
তবে শারীরিক কোনো কোনো ক্ষতি হয়নি ওটামেন্ডি-পরিবারের। খবরটি নিশ্চিত করেছে ক্লাব বেনফিকা। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। অপরাধীদের ধরার চেষ্টা করছে।
রোববার রাতে ফামালিকাওয়ের সঙ্গে ম্যাচ ছিল বেনফিকার। প্রতিপক্ষের মাঠ থেকে ৪-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছে ওটামেন্ডির দল। কিন্তু তার নিজের জন্য রাতটা ছিল বিভীষিকাময়।
সংবাদ মাধ্যমে খবর, বাড়িতে ঢোকার মুখে চার ডাকাত ওটামেন্ডির গলায় বেল্ট বেঁধে মারধর করেছে। পরে বাধ্য করা হয় দরজা খুলতে। ঘরে তখন ওটামেন্ডির স্ত্রী-সন্তানরা ছিলেন। সেখান থেকে নগদ অর্থ ও কয়েকটি দামি ঘড়ি নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
বেনফিকার হয়ে দ্বিতীয় মৌসুম খেলছেন ওটামেন্ডি। ২০২০ সালের ইংলিশ ক্লাব ম্যানসিটি থেকে বেনফিকায় নাম লেখান তিনি। পর্তুগালে এপর্যন্ত ৫৫ ম্যাচ খেলেছেন। আর্জেন্টিনার জার্সিতে ৮৭ ম্যাচ খেলেছেন মেসি-ডি মারিয়ার এ সতীর্থ।







