বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন: বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য রেগুলেটরি কমিশনকে দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টা এখন তাদের ওপর নির্ভর করছে। তারা গণশুনানি করে জানাবে কী পরিমাণ দাম নির্ধারণ করা যায়।
শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা সদরে হাজী আবুল হোসেন ইনিস্টিটিউট আয়োজিত হ্যাবিট ইয়ুথ ফেস্টিভালের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন: গ্যাসের আবাসিক সংযোগ আমরা নিরুসাহিত করছি। এটা প্রায় বন্ধই করে দিয়েছি। এলপি গ্যাস মোটামুটি সারা দেশেই পাওয়া যাচ্ছে। গ্যাস মহামূল্যবান, তাই এই গ্যাস শিল্পকারখানায় দিলে পণ্যের উৎপাদন কয়েকগুণ বেড়ে যায়। কর্মসংস্থানেরও সৃষ্টি হয়।
এর আগে মন্ত্রী বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন। হ্যাবিটের বিভিন্ন বিভাগের মোট ১০টি স্টল মেলায় স্থান পেয়েছে।







