রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ ধারা অব্যহত রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, এ সমস্যার সমাধান সামরিক ভাবে হবে না এবং বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জাতিসংঘকেও থাকতে হবে।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের কারণে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে যে সমস্যা মোকাবেলা করছে সে বিষয়ে এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এর প্রতিনিধিদের সঙ্গে তথ্যমন্ত্রীর এ মতবিনিময় সভা হয়।
সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে দেশের গণমাধ্যম যে ভূমিকা রেখেছে তা বিশ্বকে এবং দেশের মানুষকে জাগ্রত করেছে। রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে।
তথ্যমন্ত্রী বলেন, মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়।
রোহিঙ্গারা দেশের কোথাও কোনো অপরাধ করছে কিনা এবং তাদের জন্য পরিচালিত ত্রাণ কার্যক্রম স্বচ্ছ হচ্ছে কিনা সে বিষয়েও গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







