পরিবহন মালিক এবং শ্রমিকেরা যাত্রীদের জিম্মি করে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কয়েক গুণ ভাড়া আদায় ও যাত্রী হয়রানি এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), মার্শাল আর্ট ফাউন্ডেশন, আইনের পাঠশালা, পরিবেশ উন্নয়ন সোসাইটি, পল্লীমা গ্রীণ এবং বিসিএইসআরডির যৌথ উদ্যোগে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়সহ তুচ্ছ অজুহাতে যখন-তখন বিনা নোটিশে পরিবহন ধর্মঘট ডেকে সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে।’
নাসফের চেয়ারম্যান হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো: আবদুস সোবহান, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার মো: মারুফ হোসেনসহ অনেকে।






