‘খেলোয়াড়দের সমালোচনা নয়, পুরস্কৃত করা উচিত’
কোভিড পরিস্থিতি টেনে বলছেন কলিংউড

ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ স্টিভ রোডস, পজিটিভ মনোভাবের সাথে ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইংল্যান্ড ক্রিকেটে চলছে ক্রান্তিকাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টির সিরিজের তিন ম্যাচের দুটি হেরে পিছিয়ে আছেন মরগানরা। গত বছর নয় টেস্ট হেরে একবছরে সর্বাধিক হারের রেকর্ডে বাংলাদেশের পাশে বসেছে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের এমন ভরাডুবির পেছনে অবশ্য খেলোয়াড়দের পারফরম্যান্স নয়, বায়ো-বাবলকে দায়ী করছেন পল কলিংউড।
কলিংউড এখন ইংল্যান্ড দলের সহকারী কোচ। হেড কোচ ক্রিস সিলভারউডের অনুপস্থিতিতে উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে আছেন মূল দায়িত্বে। বৃহস্পতিবার সাক্ষাৎকারে দলের ভরাডুবির কারণ ব্যাখ্যা করেছেন সাবেক ব্যাটার।
‘দুই বছর ধরে আমরা ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছি। আর্থিক কারণেই আমাদের এটা চালিয়ে যেতে হচ্ছে। খেলোয়াড়দের অনেককিছু ত্যাগ করতে হচ্ছে। বাবলে থাকা অবস্থায় পরিবারের সাথে তাদের দেখা হচ্ছে না। পরিবারের কেউ যদি আসেও এই পরিবেশে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। খেলোয়াড়দের উপর এটার প্রভাব হিসাব করাও অসম্ভব।’
অ্যাশেজে নিজেদের পারফরম্যান্সের চেয়ে প্রতিকূল পরিস্থিতিতে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারটি বড় করে দেখছেন কলিংউড। এজন্য ক্রিকেটারদের পুরস্কৃত করা উচিত বলেও মন্তব্য করেছেন।
‘আমরা সিরিজের চারদিন আগেও দেখিনি কারা ইংল্যান্ড থেকে এসেছে অ্যাশেজে খেলতে। অস্ট্রেলিয়ায় খেলতে হলে আপনার সহনশীলতা থাকতে হবে। পরিস্থিতির কারণে যখনই সেই সহনশীলতা হারাবেন, সেটার একটি প্রভাব আপনার খেলার উপর পড়বে।’
‘হ্যাঁ, অবশ্যই আমরা ভুল করেছি। শতভাগ নিশ্চিত যে আমরা খেলোয়াড় নির্বাচনে ভুল করেছি, টসে ভুল করেছি। কিন্তু আমরা যে এই পরিস্থিতিতেও অ্যাশেজে খেলতে যেতে রাজি হয়েছি সেটার জন্যই খেলোয়াড়দের মেডেল দেয়া উচিত।’






