আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া চতুর্থ বিপিএলের আসরের বিভাগীয় টিম ‘খুলনা টাইটানস’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো খুলনা থেকে।
শুক্রবার খুলনার একটি অভিজাত হোটেলে ‘খুলনা টাইটানস’র স্বত্ত্বাধিকারী জেমকন গ্রুপের পক্ষ থেকে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভার মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
জেমকন গ্রুপের পরিচালক ও খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী এনাম আহমদের সভাপতিত্বে পরিচিতি সভায় খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা ফুটবল ফেডারেশনের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, জেমকন গ্রুপের পরিচালক কাজী আমিনা আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কাজী শামীম আহমেদসহ ক্রীড়া, রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গনমাধ্যম সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় খুলনা টাইটানসের কমৃকর্তারা জানান, তৃতীয় আসরে না থাকলেও এবার খুলনা বিভাগের দল বিপিএলে অংশগ্রহণ করছে।
দলটি খুলনা বিভাগের ১০ জেলার মানুষের টিম হিসেবে প্রত্যাশা পূরণের চেষ্টা করবে।
টাইটানসের অধিনায়ক হিসেবে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ, প্রধান কোচ হিসেবে জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। এ সময় খুলনা টাইটানসকে সাপোর্ট ও সহযোগীতা করার জন্য খুলনাবাসীর প্রতি আহবান জানানো হয়।







